ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২ ফেব্রুয়ারির ভোটেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: গয়েশ্বর

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির ভোটেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: গয়েশ্বর

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনে বিএনপি প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

উপস্থিত ভোটারদের উদ্দেশে গয়েশ্বর বলেন, “কার পক্ষে ভোট দেবেন, তা আপনার সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যাকে ইচ্ছে ভোট দিন; কিন্তু ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকা উচিত নয়। ১৭ বছর মানুষের ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে।”

এ সময় সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম করতে হয়েছে। এ আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের একটি মৌলিক অধিকার।”

তিনি আরো বলেন, “ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত প্রকাশ করে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান নাসের, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লা প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়