হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন। তাদের মধ্যে প্রবাসে থাকা হবিগঞ্জের বাসিন্দা ৪ হাজার ৬৫৯ জন। বাকিরা দেশের বিভিন্ন স্থান থেকে হবিগঞ্জের চারটি আসনে পোস্টাল ভোট দিয়েছেন।
আসনভিত্তিক হিসাব অনুযায়ী, হবিগঞ্জ-১ আসনে ২ হাজার ৪৮৪ জন, হবিগঞ্জ-২ আসনে ১ হাজার ৫৬৪ জন, হবিগঞ্জ-৩ আসনে ১ হাজার ৭৫৭ জন ও হবিগঞ্জ-৪ আসনে ২ হাজার ৭৪৬ জন পোস্টাল ভোট দিয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ জানিয়েছেন, হবিগঞ্জ জেলায় পোস্টাল ভোটের জন্য নথিভুক্ত হন ১৫ হাজার ৪১০ জন। তাদের মধ্যে অনুমোদন পান ১৫ হাজার ৩৫২ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ হাজার ৫৫১টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এসব ব্যালট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে স্ক্যান শেষে নির্ধারিত আসনের ব্যালট বাক্সে ভরা হয়েছে।
ঢাকা/মামুন/রফিক