বরিশালের উজিরপুর
জামায়াত প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, বরখাস্ত দুই কর্মকর্তা
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের উজিরপুরে ভোটকেন্দ্র থেকে বাইরে বের হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠায় দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে অনুমতি না নিয়ে বের হয়ে তারা এই গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারের কাছে কোনো কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন।
ভোটকেন্দ্রটির আশপাশের লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, দুই সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপনে বৈঠক করেছেন। ওই বাসা থেকে বের হওয়ার পর তারা তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজাকে খবর দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুজন জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের কথা অস্বীকার বরে বলেন, “আমরা খাবার খেতে বাইরে গিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হযেছে।”
ইউএনও আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করে তাদের জায়গায় নতুন দুজন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া বের হওয়ার নিয়ম নেই। একদিকে তারা নিয়ম ভঙ্গ করেছেন, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।
ঢাকা/পলাশ/রাসেল