ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাতির কোলে চড়ে ভোট দিলেন প্রার্থীর শতবর্ষী মা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নাতির কোলে চড়ে ভোট দিলেন প্রার্থীর শতবর্ষী মা

ছেলের নির্বাচনে নাতির কোলে চড়ে ভোট দিলেন সূর্যবানু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিলেন প্রার্থীর শতবর্ষী মা। শরীরে ছিল বয়সের ছাপ, কিন্তু চোখেমুখে ছিল অন্যরকম উজ্জ্বলতা।

সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ছেলের নির্বাচনে অংশ নেওয়া তার জন্য শুধু রাজনৈতিক ঘটনা নয়, যেন জীবনের এক বিশেষ অধ্যায়। বয়স তার ১১০ বছর। নাতি সুলাইমানের কোলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

আরো পড়ুন:

কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে ভোট প্রদান শেষে বেরিয়ে এসে তিনি ছেলের জন্য দোয়া করেন। প্রার্থীর মা সূর্যবানুর উপস্থিতি কেন্দ্রে অন্যরকম আবহ তৈরি করে। অনেকেই এগিয়ে এসে সালাম জানান, খোঁজখবর নেন। তরুণ ভোটাররা তাকিয়ে থাকেন শতবর্ষী এই ভোটারের দিকে। 

গাজীপুরের ৫টি আসনেই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

গাজীপুরে ৫টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে।  পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। চার স্তরের নিরাপত্তা বলয়ে ভোট কেন্দ্রগুলো ঢেকে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতর পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। আচরণবিধি দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেনি। জেলায় এবার ৯৩৫টি ভোটকেন্দ্রের মাধ্যমে ২৭ লাখ ৩৮ হাজার ২৪৫ জন ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়