ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে ব্যালট ছিনতাই ও সিল মারায় বিএনপি কর্মীকে ৩ বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে ব্যালট ছিনতাই ও সিল মারায় বিএনপি কর্মীকে ৩ বছরের কারাদণ্ড

শেরপুরে ব্যালট ছিনতাই ও সিল মারার দায়ে বিএনপির এক কর্মীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া এ রায় দেন। 

এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এজেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টায় শেরপুর-১ (শেরপুর সদর) আসনের চর মোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির ১৫-২০ জনের একটি দল ভোট কেন্দ্র দখল করে এজেন্টদের বের করে দিয়ে অবৈধভাবে সিল দেওয়া শুরু করেন। তারা ২৬টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ঢুকিয়েও ফেলেন। এছাড়াও ০২৯৯৯০১ থেকে ০৩০০০০০ ক্রমিক নাম্বারের গণভোটের ব্যালট ও প্রতীকসম্বলিত দুটি ব্যালট পেপারের বই তারা ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর টহল টিম দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় একজনকে আটক করা হয়। খোয়া যাওয়া ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ‌পরে ব্যালট পেপারের বই ও বাক্সে রাখা ব্যালট পেপার বাতিল করে কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়।

আটক মো. মাসুদ মিয়াকে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এ সময় লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেছেন, “এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়