ভোট শেষে পুলিশ-আনসারদের নেচে-গেয়ে উচ্ছ্বাস, ভিডিও ভাইরাল
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পুলিশ-আনসার সদস্যদের আনন্দ-উচ্ছ্বাস।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনন্দ উচ্ছ্বাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের এমন নেচে-গেয়ে আনন্দ প্রকাশের ঘটনা মানুষের দৃষ্টি কাড়ছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও দীর্ঘ সময় ধরে চলা গণনা শেষে ফলাফল ঘোষণার পর সেখানে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা এভাবে আনন্দ প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, ভোটগ্রহণের দীর্ঘ ডিউটির ক্লান্তি ভুলে পুলিশ কনস্টেবল ও আনসার সদস্যরা গানের তালে তালে নাচছেন।
আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ‘‘ভোটের ফলাফল ঘোষণার পর কেন্দ্রের সিনিয়রদের উৎসাহে আমরা উদযাপন করি। বড় ভাইয়েরা বললেন, কাজ তো শেষ, এখন একটু নাচানাচি করে বিদায় নেই।’’ সেখানে থাকা আরেক আনসার সদস্য শরীফ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে একে দীর্ঘ সময়ের টানা খাটুনির পর ‘একটু মানসিক প্রশান্তি’ হিসেবে দেখছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি কোথায় ঘটেছে, তার তথ্য তার কাছে নেই।
ঢাকা/শিপন/বকুল