ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় জামায়াত সমর্থকের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় জামায়াত সমর্থকের বাড়িতে আগুন

খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় দাঁড়িপাল্লার সমর্থক শোকর আকুঞ্জির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরো পড়ুন:

শোকর আকুঞ্জি অভিযোগ করে বলেন, ‘‘তিনি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। তারাই আগুন দিয়েছেন।’’

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ (টিটো) বলেন, “আটরা-গিলাতলা ইউনিয়নের প্রায় ৪০ হাজার ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৯ হাজার ৫৫ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ৪৪২ ভোট। এই ইউনিয়নে ধানের শীষ কম ভোট পাওয়ায় এবং ধানের শীষকে বিজয়ী ঘোষণা করার পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের লোকেরা দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন।”

তিনি আরো বলেন, “শোকর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতে ইসলামীর রুকন ও ইউনিট সভাপতি এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্র শিবিরের মশিয়ালী ওয়ার্ড সভাপতি। এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল বলেন, “ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়