মিছিল নিয়ে এসে আ.লীগ কার্যালয়ের তালা খুললেন কর্মীরা, আটক ৫
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর মাইজদী টাউন হল মোড় এলাকায় অবস্থিত কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা।
নোয়াখালীতে মিছিল নিয়ে এসে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ব্যানার ঝুলিয়েছেন দলটির নেতাকর্মীরা। পরে তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিয়ে চলে যান। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় এলাকায় অবস্থিত কার্যালয়ে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়েমাইজদী টাউন হল মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তারা কার্যালয়ের তালা খুলে সেখানে অবস্থান নেন এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ অবস্থানের পর তারা কার্যালয়ের মূল ফটকে একটি ব্যানার লাগিয়ে চলে যান।
তারা জানান, কার্যালয়ে লাগানো ব্যানারে “দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো” লেখা ছিল। নিচের অংশে লেখা ছিল- বাস্তবায়নে হাছিনা চৌধুরী, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌর মহিলা আওয়ামী লীগ।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।”
জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্ব দপ্তর) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।”
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ভোরে কয়েকজন লোক এসে আওয়ামী লীগের অফিসে সামনে একটি ব্যানার ঝুলিয়ে দেয়। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের নাম ও ঠিকানা যাচাই-বাছাই চলছে। পরে নাম প্রকাশ করা হবে।”
ঢাকা/সুজন/মাসুদ