ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় রমজানে খাসি ও গরুর মাংসের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
খুলনায় রমজানে খাসি ও গরুর মাংসের মূল্য নির্ধারণ

রমজান মাসের সময় মহানগরীতে গরু ও ছাগলের মাংস এবং ডিমের খুচরা বিক্রি মূল্য নির্ধারণ করে দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই দর নির্ধারণ করা হয়।

আরো পড়ুন:

সভায় খাসির মাংস ১১০০-১২০০ টাকা, গরুর মাংস ৭৪০-৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮-৪৪ টাকা ও ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৮০ টাকা খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়।

সভায় খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেন, “পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের সংযমী হতে হবে।” 

ব্যবসায়ীদের তিনি বলেন, “অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলে সওয়াব বেশি পাওয়া যাবে। প্রতিটি দোকানে নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে হবে। রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে। এই মাসের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ জানাচ্ছি।”

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসি সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (এডিসি দক্ষিণ) অমিত বর্মন, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্টেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ নগরীর পাইকারী ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়