ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাঁথিয়ায় বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
সাঁথিয়ায় বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ফাইল ফটো

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গফুর একই গ্রামের বাসিন্দা ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন ও নিহত গফুরের ছেলে আলমের টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় কয়েকজন আহত হন। তাদের মধ্যে আব্দুল গফুরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মূলত আলম এবং ময়েন উদ্দিনের লোকজনের মধ্যে টাকা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ থানা মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।”

তিনি বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়