ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
৫২’র ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, মাতৃভাষার অধিকার যেমন কেউ কেড়ে নিতে পারেনি, তেমনি বর্তমানের ঐক্যবদ্ধ গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না।
একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাসী।
দল-মত ও ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতায় বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে পানিসম্পদ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা/নাঈম/ফিরোজ