সিরাজগঞ্জে ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাঠ ভাড়া দেওয়ার প্রতিবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন ক্রীড়াপ্রেমী ও স্থানীয়রা। এসময় ওসি জাফর ইমামের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা।
এ বিষয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বেশিরভাগ সময় মাঠটি পড়ে থাকে। একারণে মাঠের জায়গা নিয়ে কোনো চাঁদাবাজি কেউ করতে না পারে এজন্য মসজিদ উন্নয়নে মাঠটি ভাড়া দেওয়া হয়েছে। এ নিয়ে যদি কেউ বিক্ষোভ করে আমাদের কোনো কিছু করার নেই।
এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মিছিল নিয়ে সলঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে থানার প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন স্থানীয়রা।
বিক্ষোভকারী ঘুড়কা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, থানার সামনের মাঠটিকে আমাদের দুই গ্রামের ছেলেরা খেলাধুলা করে। অথচ সেই মাঠটি সরিষা ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এম দুলাল উদ্দিন বলেন, আগে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠটি ভাড়া দিতো। বর্তমান থানার মসজিদ উন্নয়নের কথা বলে ব্যবসায়ীদের কাছে মাঠটি ভাড়া দেওয়ায় স্থানীয়রা বিক্ষোভ করেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, মাঠটি থানার দখলে থাকা সরকারি সম্পত্তি। সরিষা শুকানোর বিনিময়ে অনেক আগেই ব্যবসায়ীরা থানার মসজিদ উন্নয়ন ফান্ডে কিছু টাকা দিয়ে আসছে। সম্প্রতি কিছু লোক মাঠ ভাড়া বাবদ অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেছিল, কিন্তু ব্যবসায়ীরা দেয়নি। এ অবস্থায় গত বৃহস্পতিবার মিটিং করে সরিষা শুকানোর বিনিময়ে ৬০ হাজার টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে মসজিদ উন্নয়ন ফান্ডে জমা দেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, ব্যবসায়ীরা মাঠে সরিষা শুকাতে আসলে অবৈধভাবে টাকা দাবি করা ওই সব লোকজন তাতে বাধা দেয়। ওই সময় মাঠটি পুলিশের পক্ষ থেকে তাদের ভাড়া দেওয়া হয়েছে একথা শোনার পরই তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরবর্তীতে তারা লোকজন নিয়ে মিছিল করেন ও নানা স্লোগান দেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে ঘিরে কেউ যাতে অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
ঢাকা/রাসেল/ফিরোজ