শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুলিশের হাতে আটকৃতরা
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা/সুজন/ফিরোজ