‘সরকার সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ’
চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ফটো
সরকার সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকার দেশের সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথানত না করার প্রেরণা দেয়। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার মূল ভিত্তি।”
তিনি আরো বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে সরকার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা/এএএম/ইভা