ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬  
নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু 

মনির হোসেন সিকদার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জহুরুল ইসলাম সিকদার।

আরো পড়ুন:

জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। তিনি এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ পালনের ঘোষণায় নাশকতার আশঙ্কায় নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

ঢাকা/অনিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়