ঝালকাঠির জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজাপুর থানায় পরিবারের কাছে উদ্ধারকৃত শিশু
ঝালকাঠির রাজাপুরে অপহরণের শিকার দেড় বছর বয়সী শিশু মো. মিহিরকে একটি নির্জন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি ঝোপের মধ্য থেকে কান্নারত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার মিহির খুলনার ডুমুরিয়া উপজেলার মো. মাহাবুর মোল্লার ছেলে। অভিযুক্ত অপহরণকারী তোতা মিয়া (৩৫) রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মৃত মনুসুর সরদারের ছেলে।
পারিবারিক প্রতিহিংসা থেকে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাহাবুর মোল্লা জানান, তাদের আত্মীয় ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া দুই মাস আগে বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি। দুই সপ্তাহ আগে ময়না বেগমের দ্বিতীয় বিয়ে হলে তোতা মিয়া ক্ষিপ্ত হন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ‘ধর্মের ভাই’ সেজে মাহাবুর মোল্লার বাড়িতে আশ্রয় নেন তোতা মিয়া। পরদিন রবিবার সকালে শিশুটিকে দোকানে নেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে পালিয়ে যান তিনি।
অপহরণের পর তোতা মিয়া শিশুটির পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে এবং পুলিশকে বিষয়টি জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরপরই শিশুটির পরিবার খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারী তোতা মিয়া শিশুটিকে রাজাপুরের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি জঙ্গল ও খালের পাশের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুর কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে গেলে বাবা মাহাবুর মোল্লা ছেলেকে শনাক্ত করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/অলোক/ফিরোজ