ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় তামান্না খানম আইরিন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় তামান্না খানম আইরিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে কেন্দ্র করে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে প্রোফাইল (বৃত্তান্ত) তৈরি করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো শুরু করেছেন। আবার অনেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন।

যদিও বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, নারী আসনের বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।

বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন-প্রবীণের মিশ্রণে। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। সে হিসেবে আলোচনায় আছেন তামান্না খানম আইরিন।

তামান্না খানম আইরিন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ-আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ খানের মেয়ে। বর্তমানে বসবাস করেন ঢাকার রামপুরায়।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, তামান্নার মতো উচ্চশিক্ষিত এবং রাজপথের পরীক্ষিত নেত্রী সংসদে গেলে নারী অধিকার রক্ষা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তামান্না খানম আইরিন বলেন, “আমি বেড়ে ওঠা গ্রামে। সেখান থেকে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা। এছাড়া, বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য নেতাকর্মীদের যখন মামলা দিয়ে হয়রানি করা হতো। তখন ঢাকা থেকে তাদের সহযোগিতা করেছি।”

তিনি আরো বলেন, “তিন শতাধিকের বেশি রাজনৈতিক মামলা লড়েছি৷ অর্থকষ্টে থাকা নেতাকর্মীদের অনেক সময় বিনামূল্যে আইনি সেবা দিয়েছি৷ তৃণমূল এখন আমাকে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দেখতে চায়। আমি সুযোগ পেলে তাদের সঙ্গে মিশে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব।”

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়