ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বেল্লাল বেপারী।
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের সদস্যরা তার মৃত্যুর তথ্য জানান।
মারা যাওয়া যুবকের নাম বেল্লাল বেপারী (২৬)। তিনি উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে যান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী বলেন, “অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল বেল্লাল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”
তিনি জানান, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বেল্লালের বাবা-মা।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।”
ঢাকা/বেলাল/মাসুদ