রাউজানে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের রাউজান উপজেলার অলি মিয়া হাট এলাকায় মুজিব ভান্ডারী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গুলি করা হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন গুলি করে হত্যার তথ্য জানিয়েছেন।
স্থানীয় সুত্র জানায়, অলি মিয়া হাট এলাকায় অবস্থানকালে সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে মুজিবকে গুলি করে।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা/রেজাউল/বকুল