বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণীর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ সেনবাগ উপজেলা বিএনপির নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কানিজ ফাতেমা। তার বয়স হয়েছিল ৭৩ বছর। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১-এর লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা/সুজন/মাসুদ