খাল খনন দেশের জন্য অপরিহার্য: ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে সাহেবের মেঠ গ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও খাল খনন কর্মসূচি দেশের জন্য আজ অপরিহার্য।’’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে সাহেবের মেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রিজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই সঙ্গে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা আজকে বেঁচে আছি, কাল চলে যাব কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রেখে যেতে হবে।’’ এ জন্য সকলকে সঠিক পথে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউকে সরকারের ফরেন কমনওয়েলথ এ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের বাস্তবায়নে মোংলা উপজেলায় মাদুরপাল্টা বাজার ব্রিজ সংলগ্নে খালসহ চারটি খালের ৮ দশমিক ৩৪ কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। এতে ব্যয় হবে ৫৯ লাখ ৬৭ হাজার টাকা। আগামী ২৫ মার্চের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা/আমিনুল/বকুল