ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১ মার্চ ২০২৬  
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীরা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা দুই আসামিকে ছিনিয়ে নেয়। এতে টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানা পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। 

রবিবার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তারের উদ্দেশ্যে টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। এ সময় তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেয়। পরে যৌথ অভিযানে নিজমাওনা গ্রাম থেকে আদিল ও মনির হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরানো হয় এবং পুলিশের গাড়িতে তোলার প্রস্তুতি চলছি।

এ সময় আসামিদের স্বজনরা ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর করে। হামলার মধ্যে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, হামলার সময় আসামিদের পরিবারের কয়েকজন নারী পুলিশ সদস্যদের কামড়ে আহত করেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যরা হামলার শিকার হয় এবং আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে ছিনিয়ে নেওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে আরো দুই নারীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়