ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় এনজিও কার্যালয়ে ভাঙচুর, হাতুড়িপেটায় আহত ২

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২ মার্চ ২০২৬  
বগুড়ায় এনজিও কার্যালয়ে ভাঙচুর, হাতুড়িপেটায় আহত ২

হামলায় আহত এক ব্যক্তি।

বগুড়ায় কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি এনজিও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সেখানে কর্মরত দুজনকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে আহত করা হয়। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত ‘উদ্দীপন’ এনজিওর কার্যালয়ে হামলা হয়।

আরো পড়ুন:

আহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকার ওমর আলীর ছেলে প্রোগ্রাম অফিসার মো. হাসিনুর রহমান (৩৪) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইননগর এলাকার আলতাব আলীর ছেলে ফার্স্ট ক্রেডিট অফিসার মো. শিমুল আলী (২৭)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনজিও সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান দুই লাখ টাকা ঋণ নেন। অভিযোগ রয়েছে, ঋণ নেওয়ার পর থেকে তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি।

উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা জানান, শনিবার বিকেলে কিস্তির টাকা চাইতে গেলে তাদের এক কর্মীকে মারধর করা হয়। এরপর রাতে কয়েকজন ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “হামলার সময় অফিসের কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।”

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। কাউকে আটক করা সম্ভব হয়নি।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়