শরণখোলায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগ
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম মাসুম (২৬) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামে ঘটনাটি ঘটে।
হত্যাকাণ্ডের এ ঘটনায় জামায়াতে ইসলামীর কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপির এক নেতা।
স্থানীয়রা জানান, মাসুম রাত ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় জামায়াতের কর্মী আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে ২০-২৫ জন গতিরোধ করে তাকে মারধর করে।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, “তারাবির নামাজের পরে মাসুমকে জামায়াতের কর্মীরা মারধর করে আটকে রেখেছে এমন খবর পাই। তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় সাউথখালী ইউনিয়ন জামায়াতের নেতাদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পর অসুস্থ অবস্থায় মাসুমকে দুই-তিন জন ধরে আমাদের কাছে নিয়ে আসেন। তার কাছে ঘটনা জানতে চাইলে হঠাৎ বমি করেন। তাৎক্ষণিক তাকে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে ওই এলাকায় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই দফায় হামলার ঘটনা ঘটে। জামায়াত ও বিএনপির উভয় পক্ষের লোকজন আহত হয়। এরই জেরে জামায়েত কর্মীরা মাসুমকে ধরে মারধর করে।”
উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম জানান, পারিবারিক কোন্দলের জেরে ওই ব্যক্তি নিহত হয়েছেন। এখানে জামায়াতের কোনো নেতাকর্মী দায়ী না। যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামিনুল হক জানান, একটি হামলার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২ মার্চ) বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। মায়াতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরো জানান নিহতের পরিবার ও রাজনৈতিক নেতাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত নেমেছে। প্রকৃত ঘটনা উদঘটনের মধ্য দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/আমিনুল/মাসুদ