ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হত্যার হুমকি, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৩ মার্চ ২০২৬  
ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হত্যার হুমকি, প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার তামজিদুর রশিদ গালিব।

রংপুরে ডিস ও ক্যাবল ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার  (২ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মহানগরের কামালবকাছনা এলাকা থেকে তামজিদুর রশিদ গালিবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

একই দিন রাত ৯টার দিকে র‍্যাব-১৩ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ‘ক্যাবল ওয়ান’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে রংপুরে ক্যাবল লাইন ও ডিস সেবা প্রদান করছে। গত ২৩ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে বৈধ ফিডারের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন এবং প্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনার পর ১ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে ‘ক্যাবল ওয়ান’-এর অফিসে প্রধান আসামি তামজিদুর রশিদ গালিব ও আকিবুল রহমান মনুসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন প্রবেশ করেন। তারা অফিসে ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ ওঠে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়। একই সঙ্গে কামাল কাছনা এলাকার ফিডার অপারেটর হিসেবে প্রধান আসামিকে নিয়োগ না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির জিএম রায়হান আহমেদ পরাগ সোমবার (২ মার্চ) রংপুর মহানগরের কোতোয়ালী থানায় মামলা করেন (মামলা নং-০২)।

র‍্যাব-১৩ জানায়, ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে মহানগরের কামালবকাছনা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তামজিদুর রশিদ গালিবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, আসামি বর্তমানে থানায় আছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঢাকা/আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়