গণঅভ্যুত্থান-পরবর্তী অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে: নাহিদ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।”
বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারো দলীয়করণের পথে যাচ্ছে কি না এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না; তা নিয়ে উদ্বেগ রয়েছে।”
তিনি বলেন, “সিলেট সব সময় ঐক্যের রাজনীতির উদাহরণ তৈরি করেছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত থাকলেও সিলেটে অনেক সময় ভিন্ন চিত্র দেখা গেছে। আশা করব, ভবিষ্যতেও সিলেটের এই ঐক্যের রাজনীতি অব্যাহত থাকবে।”
রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি।”
তিনি বলেন, “সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন। সংসদে এ বিষয়ে কথা বলা হবে।”
এ সময় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
ঢাকা/মোসাইদ/রাজীব