সংবিধানের অজুহাত দিয়ে সরকার জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে: হামিদুর
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের মহেশখালী উপজেলায় তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “জুলাই অভ্যুত্থান ছিল গণআকাঙ্ক্ষার প্রতীক। বৈষম্যহীনতা, ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতিই ছিল এর মূল ভিত্তি। কিন্তু, বিএনপি ক্ষমতায় এসে সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর চেষ্টা করছে। সংবিধান জনগণের কল্যাণে প্রণীত, জনগণের অভিপ্রায় উপেক্ষার জন্য নয়।”
১২ ফেব্রুয়ারি জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণ প্রতিষ্ঠিত সেই রায় উপেক্ষা করে জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। জন রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার জবাব জনগণই দেবে।”
বুধবার (৪ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামীর কক্সবাজারের মহেশখালী উপজেলা দক্ষিণ আয়োজিত তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”
জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, “স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ নিশ্চিত না হলে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়।”
সরকার কৌশলে গণভোটের বৈধতা নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হলে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হবে এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা দক্ষিণ আমির মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা মো. আজিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঢাকা/তারেকুর/মাসুদ