ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশির মুক্তি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৬ মার্চ ২০২৬  
আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশির মুক্তি

মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে আরাকান আর্মি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে এই তিনজনকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. বাপ্পিকে (২৮) ধরে নিয়ে যাওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরার সময় ওসমান গনি রাব্বিকে (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের জনি মিয়াকে (২২) অপহরণ করে তারা। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে বিজিবি। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়