ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৭ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২১, ৭ মার্চ ২০২৬
মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে তেল মজুত রাখার অভিযোগে মো. রুবেল (৩৪) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

রুবেল ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে এবং সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে পুঁতে রাখা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যাতে এ ধরনের কাজ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন সব সময় তৎপর রয়েছে।”

তিনি আরো বলেন, “স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়