ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যানারে নাম না থাকায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৮ মার্চ ২০২৬  
ব্যানারে নাম না থাকায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে আয়োজিত ইফতার মাহফিলে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) বিকেলে তিনলাখপীর বাজারে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জেরে ও ব্যানারে নাম না থাকা নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সংঘর্ষের ফলে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও অংশগ্রহণ করলেও কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্যানারে তার নামও ছিল না।

অনুষ্ঠানে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু নির্বাচনে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীদের ধিক্কার জানিয়ে বক্তব্য দেন। এরপর কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার নামসহ বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম না থাকা নিয়ে আপত্তি জানান। ফলে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা একে অন্যকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। আহত হন পাঁচজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, ‌“উপজেলা এবং ইউনিয়ন নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন বিএনপির ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির ব্যানারে সিনিয়র নেতাকর্মীদের নাম ছিল না। এজন্য ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সেখানে হট্টগোল হয়। সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীদের হামলায় আমাদের পাঁচ নেতাকর্মী আহত হন।”

কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু বলেন, “ইফতার মাহফিলে বালুমহাল নিয়ে কথা বলার পর একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে হামলা চালানো হয়। পাল্টা হামলায় পাঁচজনের মতো আহত হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যানারে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম না থাকাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়