নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পুলিশের পিস্তল ছিনতাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীর তার সরকারি পিস্তলটিও লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।
সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ঘটনাটি ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।” ঘটনার সময় ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার ওই অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুটি হাসপাতাল থাকলেও ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা সেখানে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদর থানায় কর্মরত বলে জানিয়েছেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
ঢাকা/অনিক/মাসুদ