আপত্তিকর ভিডিও ফাঁস: ইসলামী আন্দোলন নেতাকে অব্যাহতি
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতি উত্তর থানা কমিটির সাধারণ সম্পাদক ও আলেকজান্ডার দারুন কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শাহাদাত হোসেনকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলনে লক্ষ্মীপুর জেলা শাখা।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রামগতি উত্তর থানা শাখার ওই নেতার একটি আপত্তিকর ভিডিও প্রচারিত হওয়ার বিষয়টি জেলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে সংগঠনের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট নারীকে নিজের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন। তার এ দাবির সত্যতা যাচাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা শাখা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংগঠনের দলীয় নীতিমালা অনুযায়ী পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন বলেছেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই অন্যায় ও নৈতিকতাবিবর্জিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার এবং আপসহীন। সংগঠনের কোনো পর্যায়ের দায়িত্বশীলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না।”
তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার অপ্রমাণিত তথ্য, গুজব বা বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের জনতাকে অনুরোধ জানানো হয়েছে ইসলামী আন্দোলনের বিবৃতিতে।
ঢাকা/লিটন/রফিক