জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুরের ইসলামপুরে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮)।
নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি পাকা সড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন। সেখানে ১০ থেকে ১২ জন শ্রমিক একসঙ্গে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তারা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যেতে থাকেন। এ সময় সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল বলেন, বৃ“ষ্টির সময় রাস্তার কাজ থেকে সরে যাওয়ার মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সাগর ইসলাম নিহত হন।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা/শোভন/ইভা