মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালীরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/বেলাল/রাজীব