অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাঁচপীর ডিগ্রি কলেজে চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) ফরম পূরণ করতে কলেজে গেলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। অথচ অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফি ৪ হাজার ১৭৫ টাকা বলে জানা গেছে। নির্ধারিত ফি’র তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, অতিরিক্ত টাকা নেওয়া হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো লিখিত হিসাব বা ব্যাখ্যা দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।
কলেজের শিক্ষার্থী রনি ইসলাম বলেন, “আমাদের কাছে ৪ হাজার ১৭৫ টাকার স্লিপ দিলেও নিচ্ছে ১১ হাজার টাকা। অতিরিক্ত টাকার কোনো কারণ জানাচ্ছে না কর্তৃপক্ষ।”
অপর শিক্ষার্থী হালিমা আক্তার বলেন, “আমার কাছে প্রথমে ১৪ হাজার টাকা চাওয়া হয়। আপত্তি জানানোর পর ৪ হাজার ছাড় দিয়ে ১০ হাজার টাকা দিতে বলে।”
পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজয় কুমার সরকার বলেন, “কোনো অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না। বরং ৩-৪ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাদের দাবি, আরো ছাড় দিতে হবে। এটা এমপিও ভুক্ত নয়। শিক্ষকদের বেতন বাকি কয়েক মাসের।”
এ বিষয়ে জানতে উলিপুর শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. ওয়াহিদকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বাদশাহ/মাসুদ