রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লাইন দিয়ে ৫ টাকার বাজার করেন নিম্ন আয়ের মানুষ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম ‘হাউস অব বিউটি ব্লুম’। সংগঠনটি মাত্র ৫ টাকার বিনিময়ে অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় নগরীর হেঁতেমখায় জাদুঘর মোড়ে বসে ৫ টাকার ঈদ খুশির হাট। চলে বিকেল ৫টা পর্যন্ত।
আয়োজকনরা বলছেন, সাধারণত ত্রাণ বা দান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় ৫ টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পান। সেমাই, চিনি, তেল ও চালের মধ্যে থেকে পছন্দের যেকোনো একটি পণ্য কেনার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি নতুন ও পুরনো জামাকাপড়ও রাখা হয়।
আয়োজকরা জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতে তারা সরাসরি ‘দান’ না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সঙ্গে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা এক সুবিধাভোগী বলেন, ‘‘৫ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।’’
৫ টাকায় পণ্য কিনতে আসা প্রতিবন্ধী আসাদুল ইসলাম বলেন, ‘‘দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ৫ টাকায় সেমাই পেয়েছি। এতে আমি অনেক খুশি।’’
রাহেলা বেগম বলেন, ‘‘৫ টাকায় একটি নতুন জামা পেয়েছি। বাড়িতে নিয়ে গেলে আমার মেয়েটি অনেক খুশি হবে।’’
ঢাকা/মাহী/বকুল