ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাটুরিয়া যাত্রীর চাপ, লঞ্চ-ফেরির সংকট

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৮ মার্চ ২০২৬  
পাটুরিয়া যাত্রীর চাপ, লঞ্চ-ফেরির সংকট

ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরির সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর আগে, বেলা ৩টা থেকে এ ঘাটে যাত্রী বাড়তে থাকে।

যাত্রীরা জানান, যে পরিমাণ যাত্রী ঘাট এলাকায় জড়ো হচ্ছেন তার চেয়ে নৌযান অনেক কম। লঞ্চঘাটে যাত্রীর চাপ বেশি হওয়ায় অনেকে ফেরিতে পারাপারের চেষ্টা করছেন। সেখানেও বেগ পেতে হচ্ছে।

রাজবাড়ীগামী সিদ্দিকুর রহমান বলেন, “পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছি। লঞ্চে ওঠার জন্য টিকেট কেটে দাঁড়িয়ে আছি। এত ভিড় ঠেলে উঠতে পারিনি। যাত্রীর তুলনায় লঞ্চ অনেক কম।”

ইয়াসিনুর রহমান নামে আরেক যাত্রী বলেন, “পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটে হয়েছে। আজ অধিকাংশ কারখানার শেষ কর্ম দিবস ছিল। সবাই গন্তব্যে ছুটছেন। লঞ্চে যাওয়ার সুযোগ না পেয়ে ফেরিতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পারিনি।”

পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়ায় যাত্রীর চাপ কমে গেছে। ঈদ উপলক্ষে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। অধিকাংশ কারখানা আজকে ছুটি ঘোষণা হওয়ায় হঠাৎ চাপ বেড়ে গেছে। লঞ্চ ঘাটে আসা মাত্রই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। গত কয়েকদিন এত ভিড় ছিল না।”

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “ঈদ উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে, বিকেলের পর যাত্রীর চাপ বেড়ে গেছে। চাপ সামলাতে বিকেলের পর শুধু যাত্রী পারাপার করা হচ্ছে।”

ঢাকা/চন্দন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়