ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় গুরুতর আহত ফাতেমা।
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন নিহত এবং শিশুসহ গাড়িটিতে থাকা ৯ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনায় গুরুতর আহত ফাতেমা নামের দেড় বছর বয়সী শিশুকন্যার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি।
বুধবার (১৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আহত শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে তিনি বগুড়ার জেলা প্রশাসক ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন বলেও তিনি জানান।
এর আগে বুধবার সকালে শেরপুর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। আহত শিশু ফাতেমাসহ ৯ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি কাউনিয়ায় নেওয়া হয়েছে এবং সেখানে দাফন সম্পন্ন করা হবে। ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
ঢাকা/এনাম