ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ কমেছে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
দুই দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ কমতে শুরু করেছে ৷ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের পর থেকে এই মহাসড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়েছে।
গত মঙ্গল থেকে বুধবার এই মহাসড়কে যানজট লেগে ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোণাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত যে দীর্ঘ যানজট ছিল, তা আর নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। একই অবস্থা চন্দ্রা-নবীনগর মহাসড়কেও৷ তবে, চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে।
পরিবহন চালকরা জানিয়েছেন, গতকাল বুধবার অধিকাংশ কারখানা ছুটি হয় এবং বিকেল থেকে টানা বৃষ্টি হওয়ায় যানজট সৃষ্টি হয়৷ রাতভর যানজটে ভোগান্তি পোহান সাধারণ যাত্রীরা। কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। তবে, বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে৷ দুপুরের পর যাত্রীদের চাপ অনেকটা কমেছে।
এনামুল হক নামের এক যাত্রী বলেন, “গতকাল থেকে যানজটের খবর শুনতে পেয়েছি। আমি কোণাবাড়ি থেকে দুপুরের পর রওনা হয়েছি। কোনো যানজট নেই। এখন স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।”
কোণাবাড়ি নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেছেন, “গতকাল বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হয়েছিল। আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। দুপুরের পর যাত্রীদের চাপও কমেছে৷ ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশ কাজ করছে।”
ঢাকা/রেজাউল/রফিক