ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২০ মার্চ ২০২৬  
গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আজিজ খান সজীব।

সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান তাকে বহিষ্কার করেন।

সেই সঙ্গে মহানগর স্বেচছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকেও বহিষ্কার করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাতে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে আবারো দুপক্ষ সংঘর্ষে জড়ায়।”

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, “সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজীব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়