নোয়াখালীতে নলকূপে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন বসানো নলকূপ থেকে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের ঘটনা।
এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর নলকূপ বসান। নলকূপটি স্থাপনের পর থেকেই পানির সঙ্গে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল।
পানি বের হওয়ার সময় বুদ বুদ শব্দ শোনা যায়। এ কারণে পানি ব্যবহার করতে পারছিলেন না পরিবারটির সদস্যরা। বিষয়টি কী তা জানতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালান নলকূপটির সামনে। এ সময় নলকূপের মুখে আগুন জ্বলে ওঠে। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা। ফলে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন তারা।
আব্দুল মতিন বলেন, “প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করি। তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত পরীক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ