স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে ৩ ট্রান্সফর্মার লুট
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিল্পী খাতুন
পাবনার চাটমোহরে মাঠের মধ্যে স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার লুট করেছে দুর্বৃত্তরা। আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— চাটমোহর উপজেলার ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন (৫০) ও তার স্ত্রী শিল্পী খাতুন (৪০)। তাদের মধ্যে শিল্পী খাতুনের অবস্থা গুরুতর।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী গ্রামের বিলে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপ পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আনিস হোসেন। রবিবার রাতে তিনি স্ত্রীসহ গভীর নলকূপের ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে ১০-১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এর পর সংঘবদ্ধ চক্রটি গভীর নলকূপের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফর্মার লুট করে নিয়ে যায়।
সোমবার সকালে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/রফিক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ