শরীয়তপুরে হামের টিকা পাবে দেড় লাখ শিশু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিশুদের হামের টিকা প্রদান প্রসঙ্গে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শরীয়তপুরের সিভিল সার্জন।
শরীয়তপুরের ছয়টি উপজেলা ও একটি পৌরসভার ১ লাখ ৫৪ হাজার ৭৭৪ শিশুকে হামের টিকার আওতায় আনার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে জেলার তিন শিশু মারা গেছে। আগামী ২০ এপ্রিল জেলায় ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় টিকাদান কার্যক্রম শুরু করা হবে। যা চলবে ১০ মে পর্যন্ত। টিকাদানের আওতায় আনা হবে ৬ মাস থেকে ৬৯ মাস বয়সী সব শিশুকে। টিকা পেতে হলে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, “ইতোমধ্যে তিন শিশুর মৃত্যুর হয়েছে। হাম মোকাবিলায় জেলার ১ লাখ ৫৪ হাজার ৭৭৪ শিশুকে টিকার আওতায় আনার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২০ এপ্রিল জেলায় ছয়টি উপজেলা ও একটি পৌরসভার মোট ১ হাজার ৬৩১টি কেন্দ্রে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু করা হবে।”
ঢাকা/সাইফুল/মাসুদ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু