‘তেল নেই’ লেখা গুদামে মিলল ৪ হাজার লিটার ডিজেল
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘তেল নেই’ লেখা একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি এলাকায় লোপা এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে খুচরা জ্বালানি বিক্রি করে আসছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সম্প্রতি বাজার পরিস্থিতিতে বিক্রি বন্ধ রেখে তেল মজুতের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তার গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানে গুদামের ড্রাম এবং একটি লরির ট্যাংকি থেকে জব্দ করা হয় প্রায় ৪ হাজার লিটার ডিজেল। অভিযানের সময় লোকমান হাকিম পালিয়ে যান এবং কাউকে আটক করা যায়নি। পরে গুদাম ও দোকান সিলগালা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। সকাল থেকে জব্দ করা তেল টিপুর মোড় এলাকায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এনাম//