ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৮ জুন ২০২৬   আপডেট: ১১:৫৯, ৮ জুন ২০২৬
ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা

ইরানি ক্ষেপণাস্ত্র

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দেশ একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

সোমবার (৮ জুন) সকালে ইরানের একাধিক শহরে ইসরায়েলি বিমান হামলার জবাবে নতুন করে আবারো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। খবর আল-জাজিরার। 

আরো পড়ুন:

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিছুক্ষণ আগে এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আমরা শনাক্ত করেছি। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।”

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জেরিকো এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর জ্বলন্ত ধ্বংসাবশেষ আকাশ থেকে ভেঙে পড়ার একটি ছবি প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের আকাশে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কোনো নাগরিকের হতাহত বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার (৭ জুন) রাতে ইসরায়েলে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইসরায়েলি সেনাবাহিনী সেই হামলা প্রতিহত করে তেহরানকে কড়া জবাব দেওয়ার হুশিঁয়ারি দেয়।

রবিবারের ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান এবং একই সঙ্গে ইসরায়েলকে পাল্টা হামলা না চালাতে অনুরোধ করেন।

তবে মার্কিন অনুরোধ উপেক্ষা করে সোমবার সকালেই তেহরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আর এই হামলার জের ধরেই সোমবার সকালে দ্বিতীয় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  

ইসরায়েলে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, “ইরান ও তাদের অশুভ প্রক্সি চক্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এই শয়তানের মূল আস্তানা তেহরানে অবস্থিত।”

ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার ইরানে ইসরায়েলের পাল্টা বিমান হামলার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, “কোনো আত্মমর্যাদাশীল রাষ্ট্র নিজের ওপর এমন ক্ষেপণাস্ত্র হামলা নীরবে সহ্য করবে না। এই উন্মাদ ইরানি শাসনের ওপর বিশ্ববাসী আজ অতিষ্ঠ।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়