মায়ের কোল থেকে ছিটকে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, প্রাণ গেল উদ্ধারকারীরও
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।
রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নান্নু খান এ তথ্য জানান।
নিহত শিশুর নাম আলিফ। সে পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় যানা যায়নি।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন তারা। পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে আলিফ ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, দুজনই বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। শিশু আলিফের মা আহত হন।
তিনি জানান, পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে গেছেন। আহত শিশু আলিফের মাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ