খুলনায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনার পাইকগাছায় মাদক কারবার, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে ধরে ‘গণপিটুনি’ দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গরুর হাট এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, চুরি ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। রবিবার বিকেলে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার বলেন, “রাত ৯ টা ২০ মিনিটে হাসান নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ