কাপ্তাইয়ে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার রাতে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কেপিএম কলা বাগান এলাকা থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে।
বুধরাত (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন। কাপ্তাই রেঞ্জের সদস্যরা রাত ১০টার দিকে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে তুলে দেন।
ইমরান হোসেন ইমন বলেন, “বুধবার রাত ৯টার দিকে কলা বাগান এলাকায় লজ্জাবতী বানরটি বৈদ্যুতিক তার থেকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে রাঙ্গুনিয়া ইকো পার্কে নিয়ে যান।”
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গণি বলেন, “বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তার নির্দেশে রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিশ্চিন্তাপুর ইকো পার্কের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি। বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।”
ঢাকা/শংকর/মাসুদ