ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমি দখলে নিতে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৩ এপ্রিল ২০২৬  
জমি দখলে নিতে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি

মাদারীপুর সদর উপজেলায় জমি দখলে নিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. হাওয়া বেগম বুধবার (২২ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, অভিযোগটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ১০৭ নং পানিছত্র মৌজার বিআরএস ৪৯৭ নং খতিয়ানভুক্ত ৬১২ নং দাগ ও এসএ ৩৩৭ নং দাগের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে শরিফুল রহমান ওরফে রিপন মাতব্বর, আজম মাতুব্বর, জসিম মাতুব্বর ও নিসার উদ্দিন মাতুব্বরের সঙ্গে। ভুক্তভোগীর দাবি, বিবাদীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। 

অভিযোগে বলা হয়, গত ১২ এপ্রিল সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাওয়া বেগম বলেন, “আমাদের সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চলছে। আমরা বাধা দিলে আমাদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” গত ১৬ এপ্রিল অভিযুক্তরা আবারো এসে হুমকি দেয়। যেকোনো সময় ঘর নির্মাণ করে জমি দখল নিতে পারে এমন আশঙ্কা করছেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়