মার্কিন নৌ অবরোধের মধ্যেই ১ কোটি ব্যারেল ইরানি তেল রপ্তানি
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ আরোপ করা সত্ত্বেও পারস্য উপসাগরে ইরানি তেল ট্যাঙ্কারের চলাচল অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি ট্র্যাকিং সংস্থা ভর্টেক্সা এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
গত ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ইরানি জাহাজের ওপর অবরোধ আরোপ করেন। তবে ভর্টেক্সার তথ্যমতে, গত ১৩ এপ্রিল থেকে গত সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত ৩৪টি ইরানি ও ইরান-সংশ্লিষ্ট ট্যাঙ্কার এই এলাকায় যাতায়াত করেছে।
এই সময়ের মধ্যে ১৯টি জাহাজ উপসাগর থেকে বের হয়েছে এবং ১৫টি প্রবেশ করেছে। ভটেক্সা আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি-কে পাঠানো এক ই-মেইলে জানিয়েছে, বহির্মুখী ট্যাঙ্কারগুলোর মধ্যে ছয়টি ট্যাঙ্কারে ইরানি অপরিশোধিত তেল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যার পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।
সংস্থাটি জানায়, মার্কিন হুমকি সত্ত্বেও, তরলীকৃত গ্যাস ও অপরিশোধিত তেলবাহী একাধিক ইরানি বাণিজ্যিক জাহাজ প্রণালিটি অতিক্রম করা অব্যাহত রেখেছে এবং চীন, ভারতসহ বিভিন্ন দেশে তাদের পণ্য নিয়ে অগ্রসর হচ্ছে।
গত মঙ্গলবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর হুমকি উপেক্ষা করে একটি ইরানি তেল ট্যাঙ্কার দেশটির জলসীমায় প্রবেশ করেছে। নৌবাহিনীর পাহারায় জাহাজটির নিরাপদ পথ নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, এই অপারেশনটি পূর্ণ নৌ-সুরক্ষার অধীনে পরিচালিত হয়েছিল, যার ফলে ট্যাঙ্কারটি কোনো দুর্ঘটনা ছাড়াই তার যাত্রা সম্পন্ন করতে পেরেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ট্যাঙ্কারটি এরই মধ্যে ইরানের একটি দক্ষিণ বন্দরে নোঙর করেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই অনড় অবস্থান প্রমাণ করে যে, কঠোর সামরিক ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও বিশ্ববাজারে নিজেদের জ্বালানি সরবরাহ বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে।
ঢাকা/ফিরোজ